জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রবিবার ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করে।
প্রসিকিউশনের শুনানিতে প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান জানান, গত ৫ নভেম্বর ট্রাইব্যুনাল মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে রবিবার হাজির করার নির্দেশ দিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ঠিকানায় গিয়ে তাকে খুঁজে পায়নি। এই প্রেক্ষাপটে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আত্মসমর্পণে বাধ্য করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে তাকে আগামী ১২ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিয়েছে।
এই একই মামলায় বর্তমানে সাত আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। রবিবার সকালে আমির হোসেন আমু, শাজাহান খান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার অভিযোগ সম্পর্কে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল। আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী নীতিনির্ধারক হিসেবে এই দমন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ ও সহায়তা করেছিলেন। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এই দমন-পীড়নের ফলে জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজার আন্দোলনকারী আহত হয়েছেন।
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৩: ৫৩আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৪: ১০




