কাঁধে বাঁশের তৈরি ভারজোত, হাতে কাস্তে আর সামান্য জামাকাপড়, গামছা ও লুঙ্গি ভরা ব্যাগ নিয়ে আপন ভিটেমাটি ছাড়ছেন উত্তরাঞ্চলের কৃষিশ্রমিকরা। পথের খরচের কিছু টাকা এবং কারও কারও সঙ্গে থাকা শুকনো খাবার সম্বল করে তারা দল বেঁধে দূর-দূরান্তে পাড়ি জমাচ্ছেন। নিজ এলাকায় স্থানীয়ভাবে কাজ কম থাকায় অলস বসে না থেকে সংসারের খরচ জোগাতে ধান কাটার উদ্দেশ্যে অন্য জেলায় যাচ্ছেন তারা।
রবিবার (২২ নভেম্বর) সকালে সৈয়দপুর রেলস্টেশনে একদল কৃষকের সঙ্গে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা যায় দলনেতা কাউসারকে। তিনি জানান, আগাম ধান কাটার খবর পেয়ে পরিচিত কৃষকদের মোবাইল ফোন কলে তারা প্রতিবছরের মতো এবারও দলবেঁধে রওনা হয়েছেন। আক্কেলপুরের কয়েকজন কৃষক বিকাশে অগ্রিম টাকা পাঠিয়েছেন, যা থেকে বাড়ির খাওয়া খরচ ও ঋণের কিস্তি শোধের টাকা রেখে সামান্য কিছু টাকা সঙ্গে নিয়ে তিনি গন্তব্যের উদ্দেশ্যে বের হয়েছেন।
নীলফামারী, ডোমার, সৈয়দপুর ও চিলাহাটিসহ উত্তরের বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে শ্রমিকরা ছুটছেন নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট ও সান্তাহারসহ অন্যান্য ধান উৎপাদনকারী অঞ্চলে। অন্যদিকে যেসব এলাকায় ধান কাটার কাজ শেষ হয়ে গেছে, সেখানকার শ্রমিকরা ফিরছেন নিজেদের ঠিকানায়। এই আনাগোনায় আক্কেলপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেলপথের স্টেশনগুলো রাত-দিন কৃষিশ্রমিকদের পদচারণায় মুখরিত থাকে। ট্রেনের ভেতরে তো বটেই, এমনকি ছাদেও তিল ধারণের ঠাঁই মিলছে না।
শ্রমিকরা জানান, উত্তরাঞ্চলের অনেক এলাকায় বোরো ধান পাকতে এখনো দেরি রয়েছে। এই সময়ে স্থানীয়ভাবে কৃষিকাজের সুযোগ না থাকায় বেকার বসে থাকতে হয়। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে ধান কাটার মৌসুম শুরু হওয়ায় নতুন শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শ্রমিকরা নিজ এলাকায় ধান কাটা শুরু না হওয়া পর্যন্ত অন্য জেলায় কাজ করে কিছু টাকা সঞ্চয় করতে চান। পরবর্তীতে নিজ এলাকায় মৌসুম শুরু হলে তারা বাড়ি ফিরে এসে নিজেদের এবং স্থানীয় কৃষকদের জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ করবেন।
ধান কাটার এই সময়ে স্টেশনগুলো এক প্রকার অস্থায়ী কর্মসংস্থান কেন্দ্রে পরিণত হয়েছে। বাড়ি ফেরার অপেক্ষায় জয়পুরহাট, আক্কেলপুর ও সান্তাহার রেলস্টেশনে বিপুলসংখ্যক শ্রমিককে অবস্থান করতে দেখা যায়। একই সময়ে সৈয়দপুর, নীলফামারী, ডোমার ও চিলাহাটি স্টেশন থেকে শ্রমিকরা নতুন গন্তব্যে যাত্রা করছেন। ট্রেন আসামাত্রই ব্যাগ, কাস্তে ও ভারজোত নিয়ে বিরামহীন ব্যস্ততায় ট্রেনে ওঠার প্রতিযোগিতা শুরু হয়।
মজুরি ও খরচের বিষয়ে সৈয়দপুর কামারপুকুরের কৃষক মনিরুজ্জামান জানান, এলাকাভেদে এক বিঘা জমির ধান কাটতে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়। আবার কোথাও দৈনিক হিসেবে জনপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা মজুরি দেওয়া হয়। জমির অবস্থান, ধানের পরিমাণ এবং শ্রমিকের চাহিদার ওপর ভিত্তি করে এই হার নির্ধারিত হয়। ডোমার থেকে সান্তাহারের উদ্দেশ্যে নীলসাগর ট্রেনে উঠছিলেন রহিম উদ্দিন ও তাঁর ১৪ জনের দল। রহিম উদ্দিন বলেন, নিজ এলাকায় কাজ না থাকায় অন্য জেলায় কয়েক সপ্তাহ কাজ করলে সংসারের জন্য কিছু টাকা বাঁচানো সম্ভব হয়। তবে যাতায়াত, থাকা-খাওয়া ও আনুসঙ্গিক খরচ বাদ দিয়ে যতটুকু সঞ্চয় করা যায়, সেটাই তাদের মূল লক্ষ্য।
এক এলাকার ধান কাটা শেষ হলে শ্রমিকরা আবার স্টেশনে ফিরে এসে নতুন কোনো এলাকার কাজের খোঁজ করেন। পুরো মৌসুমজুড়েই তারা এভাবে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ান। নিজ এলাকার ধান পাকার সময় হলে শ্রমিকদের এই সাময়িক দৌড়ঝাঁপ শেষ হবে এবং তারা নিজ ঠিকানায় ফিরে এসে নিজেদের জমির ফসল ঘরে তুলবেন।
কৃষি সংশ্লিষ্টদের মতে, অঞ্চলভেদে ধান পাকা ও কাটার সময়ের ভিন্নতার কারণে প্রতিবছরই শ্রমিকের এই স্থানান্তর দেখা যায়। এতে একদিকে কর্মহীন শ্রমিকদের সাময়িক উপার্জনের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে বিভিন্ন অঞ্চলের কৃষকদের শ্রমিকের চাহিদা মিটছে। পরিবার ছেড়ে শত শত কিলোমিটার দূরে ছুটে চলা এসব কৃষিশ্রমিকের কাছে এই ধান কাটার মৌসুম স্রেফ ফসল কাটার সময় নয়, বরং সংসারের অভাব দূর করার এক বড় সুযোগ।




