পুরোনো পরিচিত কোনো গানের সুর মুহূর্তেই স্মৃতি ফিরিয়ে আনতে পারে। স্কুলের জিমনেশিয়ামের দিনগুলো কিংবা প্রিয় মানুষের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠা খুব স্বাভাবিক। গান মুহূর্তের মধ্যে যেমন মন খারাপ দূর করতে পারে, তেমনি আনন্দের মুহূর্তে বিষণ্ণতাও ভর করতে পারে। তবে সংগীতের প্রভাব কেবল মেজাজ পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে, উদ্বেগ ও বিষণ্ণতা থেকে শুরু করে হৃদ্রোগসহ নানা শারীরিক ও মানসিক সমস্যা মোকাবিলায় সংগীত অত্যন্ত সহায়ক। তাই প্লেলিস্ট সাজানোর সময় শুধু মন ভালো করার বিষয়টি নয়, বরং প্রিয় গানগুলো স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলছে তা-ও বিবেচনায় রাখা জরুরি।
সংগীতের মানসিক উপকারিতা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে উদ্বেগ নিরসনে এর কার্যকারিতা নিয়ে। ২০২৫ সালে 'ইক্লিনিক্যাল মেডিসিন' সাময়িকীতে ৫১টি গবেষণার পর্যালোচনায় ৩ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যেখানে দেখা গেছে উদ্বেগ কমাতে সংগীত বেশ কার্যকর। প্রচলিত চিকিৎসার পাশাপাশি সংগীত থেরাপি একটি মূল্যবান সংযোজন হতে পারে। বিষণ্ণতা কমানোর ক্ষেত্রেও এর কার্যকারিতা প্রমাণিত। 'কোকরেন ডাটাবেজ অব সিস্টেমেটিক রিভিউস'-এ প্রকাশিত ৯টি গবেষণায় ৪০০-এর বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রচলিত চিকিৎসার সাথে সংগীত থেরাপি যুক্ত করলে বিষণ্ণতা থেকে সাময়িক স্বস্তি মেলে।
সংগীতের প্রভাব শারীরিক স্বাস্থ্যের ওপরও স্পষ্ট। চলতি বছরের শুরুতে 'জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজি'তে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, কার্ডিয়াক আইসিইউতে থাকা রোগীদের রক্তচাপ, হৃদ্স্পন্দন এবং শারীরিক চাপের সূচক উন্নত করতে সংগীত ভূমিকা রাখতে পারে। তবে সংগীতের ধরন এখানে গুরুত্বপূর্ণ। 'ডয়েচেস আর্জটেব্লাট ইন্টারন্যাশনালে' প্রকাশিত ছোট পরিসরের গবেষণায় মোৎসার্ট ও শ্ট্রাউসের সংগীত রক্তচাপ ও হৃদ্স্পন্দন কমাতে সক্ষম হলেও এবিবিএর গানের ক্ষেত্রে এমন প্রভাব দেখা যায়নি। কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে, সংগীতের প্রতি হৃদ্যন্ত্রের প্রতিক্রিয়া ব্যক্তির মানসিক অবস্থা ও পছন্দের ওপরও নির্ভর করে।
মোৎসার্টের সুর হৃদ্যন্ত্রের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে সুফল দিতে পারে। 'এপিলেপসি অ্যান্ড বিহেভিয়ার' ও 'সায়েন্টিফিক রিপোর্টস'-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, মোৎসার্টের সোনাটা শুনলে শিশু ও প্রাপ্তবয়স্কদের খিঁচুনির প্রবণতা কমতে পারে। গবেষকদের মতে, সুরের সুশৃঙ্খল বিন্যাস মস্তিষ্কের নিউরনগুলোকে স্থিতিশীল ও সংগঠিতভাবে সক্রিয় করতে সাহায্য করে। এছাড়া 'অক্সজার্নাল' ও 'এপিজেনেটিকস'-এ প্রকাশিত গবেষণায় সংগীতের জিনের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি কমানোর সম্ভাবনার কথা বলা হয়েছে। যদিও এসব গবেষণার অধিকাংশই প্রাথমিক পর্যায়ের, তবুও চিকিৎসার মাধ্যম হিসেবে সংগীত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে।




