দেশের মৎস্যসম্পদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে মৎস্য উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার দুপুরে মৎস্য ভবনে 'ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী এই খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। একসময় তৈরি পোশাক খাতের পরই মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য। তিনি প্রশ্ন রাখেন, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন এই খাতে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদীর নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মেশার কারণে মাছের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি শিল্পকারখানার বর্জ্য পরিশোধন এবং নদী ও খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী ঘোষিত ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখনন কর্মসূচি জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরামর্শ দেন।
মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ ও উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।




