নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বাজারে মোট ২৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগ ও নির্দেশনায় এবং বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় এই নিরাপত্তা কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরাগুলো বসানোর কাজ সম্পন্ন হয়। এই কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ঝানজাইল বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস আহমেদ খান, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বি নিশার ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি পিন্টু খানসহ স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
ক্যামেরা স্থাপনের বিষয়ে ঝানজাইল বাজার বণিক সমিতির সভাপতি ইলিয়াস আহমেদ খান বলেন, বাজারে সিসিটিভি ক্যামেরা বসানোর এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। এর ফলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি জোরদার হবে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরে আসবে। স্থানীয় সচেতন মহল এবং ব্যবসায়ীদের প্রত্যাশা, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এই উদ্যোগ ঝানজাইল বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।



