কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা কার্যত বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের মহড়ায় জেলাজুড়ে অচল অবস্থা বিরাজ করছে। এর মধ্যে বিএনপি দলীয় সংসদ সদস্যদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ কর্মস্থলে যেতে পারছেন না, পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে এবং রোগী ও স্বজনরা চরম বিপাকে পড়েছেন।
সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শহরের লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো ও মাদ্রাসা মোড়সহ বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। অনেকের হাতে রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র ছিল এবং হেলমেট পরিহিত অবস্থায় তাদের মহড়া দিতে দেখা যায়। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত এই মহড়া চলে এবং মাইকে ৭ই মার্চের ভাষণ বাজানো হয়। মহাসড়কের ঘোনাপাড়া মোড়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, নীলা মাঠ, হাসপাতাল মোড়, সার্কিট হাউস মোড় ও চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করা হয়। ঘোনাপাড়া মোড়ে চুরির অভিযোগে দুজনকে বেঁধে রাখার ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুপুরে গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়া এলাকায় বিএনপি’র কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। বুধবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া বুধবার রাত ৯টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হাসপাতালটি গোপালগঞ্জ সদর থানা থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। হামলাকারীরা হাসপাতালের জানালা ভেঙে আসবাবপত্র বের করে তাতে আগুন ধরিয়ে দেয়, যা স্থানীয়রা নিয়ন্ত্রণে আনেন।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা থানায় হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পুলিশ সদস্যরা থানা থেকে সরে যেতে বাধ্য হন। সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘হামলা, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের কার্যক্রম গণতন্ত্র বিশ্বাসী কোনো রাজনৈতিক দল করতে পারে না। যারা করে তারা দেশের শত্রু, মানুষের শত্রু। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। জনগণের জানমাল ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ ২৪ সালে যেভাবে জবাব দিয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে ঠিক সেভাবেই দিবে।’ এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়, যদিও কিছু এলাকায় তাদের তৎপরতা সীমিত ছিল।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে রাত ১০টার পর থেকে দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কেও একইভাবে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ছিল না। আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে জেলাবাসী দিন পার করছেন।




