দেশে শান্তিপূর্ণ পরিবেশে মানুষের বসবাসের ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে রাজপথে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। বুধবার দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের আগে ও চলাকালে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে মিছিলটি শাহবাগ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক শ নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের আগে সমাবেশে ছাত্রদল নেতা বাসিত বলেন, বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করার ক্ষেত্রে যদি তোমরা কোনো বাধা সৃষ্টি করো, তাহলে তোমাদের রাজপথ থেকে উপড়ে ফেলা হবে। তিনি আরও বলেন, গত ১৭ বছরের কর্মকাণ্ডের হিসাব একে একে নেওয়া হবে। এ সময়ে শহীদ হওয়া নেতাকর্মী ও তাদের ভাই-বোনদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানের কথা উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, সাম্য, মানবিকতা এবং ন্যায়-ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মানবিকতা দেখিয়েছি। আর তোমরা যদি নৃশংসতা দেখাও, তাহলে বুঝে নিও, তোমাদের পরিণতি হবে ভয়াবহ।




