শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ২৫টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার (১৮ নভেম্বর) কর্তৃপক্ষ নতুন করে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর আগে মঙ্গলবার থেকে আরও ১৩টি কারখানা বন্ধ রয়েছে, সব মিলিয়ে বর্তমানে মোট ২৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে আছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বুধবার দুপুরে সাংবাদিকদের জানান, সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি শান্ত রয়েছে। অনেক কারখানায় শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। তবে কিছু কারখানায় শ্রমিকরা কাজের জন্য প্রবেশ করলেও উৎপাদন শুরু না করেই হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বেরিয়ে গেছেন। এছাড়া ১২টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরেই অবস্থান করছেন।
তিনি আরও জানান, যেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, সেগুলোতে উৎপাদন স্বাভাবিকভাবে চলছে। বর্তমানে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচলে কোনো বাধা নেই।
এদিকে বুধবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা বাইরে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।




