মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করবে না পুলিশ এবং বাহিনীর সদস্যরা মাদকের কোনো নোংরা টাকায় হাত দেবে না বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। বুধবার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডিআইজি জানান, রাজশাহী রেঞ্জের অধীন ৭১টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) নিয়ে তিনি বৈঠক করেছেন এবং এ বিষয়ে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। তাদের মূল লক্ষ্য হলো মাদকের রুটগুলো পুরোপুরি নির্মূল করা।
পাবনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে ডিআইজি মীর আশরাফ আলী বলেন, এ জেলার পরিস্থিতি বেশ ভালো। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করে যাচ্ছে। তবে অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। অপরাধ প্রতিরোধ ও মামলার তদন্ত কার্যক্রম সহজ করতে প্রতিটি বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তার মতে, বাড়ির পাশাপাশি রাস্তার দৃশ্য ধারণ করা যায় এমনভাবে সিসি ক্যামেরা বসালে অপরাধ শনাক্তকরণ ও রহস্য উদ্ঘাটন সহজ হয়, যা অতীতেও অনেক মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুলিশের সক্ষমতা নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। তিনি জনগণের প্রতি পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান।
সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করে মীর আশরাফ আলী বলেন, পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ভালো কাজগুলোও গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও আন্তরিকতা থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন। মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




