বুধবার (১৮ নভেম্বর) রাতে নড়াইলের কালিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহিনুর শেখ ও সোহেল মোল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহরটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।




