রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভবনটির চতুর্থ তলায় প্রশাসকের ব্যক্তিগত কার্যালয়টি অবস্থিত। হামলায় দুজন ব্যক্তি আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মিরপুর ১৪ নম্বরের দিক থেকে লাঠি, ইটপাটকেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে চড়াও হয়। হামলাকারীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে নিচে থাকা দুজন আহত হন। এরপর তারা ভবনের নিচতলায় থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের কাফরুল শাখার কাচের গেটসহ ভবনের সামনের অংশে ব্যাপক ভাঙচুর চালায়। ব্যাংকের নিরাপত্তাকর্মী সুমন সর্দার জানান, হামলা শুরু হলে ভয়ে তারা ভেতরে আশ্রয় নেন। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে নারী ও পুরুষ মিলিয়ে হামলাকারীরা ভাঙচুর চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তবে তারা ভবনের ওপরে উঠতে পারেনি।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানান, পোশাকশ্রমিকদের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হামলা হয়েছে। তিনি বলেন, মিরপুর ১৪ নম্বর এলাকার দুটি কারখানার শ্রমিকদের মধ্যে কাজ করা বা না করা নিয়ে মতবিরোধ তৈরি হয়। এক পক্ষ কাজ করতে চাইলে অন্য পক্ষ বাধা দেয় এবং এক পর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করে। ধাওয়া খেয়ে কাজ করতে ইচ্ছুক শ্রমিকরা যখন ময়মনসিংহ ভবনের নিচে আশ্রয় নেয়, তখন অন্য পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে এই ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিহ্নিত করেছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই বলে জানিয়েছে।
বেলা একটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির সামনে ইটপাটকেল ও কাচের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে আছে। সেখানে শতাধিক বিএনপি নেতা-কর্মী অবস্থান করছিলেন এবং কার্যালয়টি তালাবদ্ধ ছিল। পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানিয়েছেন, যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



