বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছিল। সরকারের করা এক ফরেনসিক অডিট বা নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপির প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের চেয়ে ০.৭ থেকে ১.৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়। রাজনৈতিক স্বার্থ এবং তথাকথিত উন্নয়নের বয়ান তৈরি করতেই প্রবৃদ্ধির এই কৃত্রিম স্ফীতি ঘটানো হয়েছিল বলে ফরেনসিক অডিট পর্যালোচনাসংক্রান্ত এক সেমিনারে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে শনিবার ‘জিডিপির হিসাবের ফরেনসিক অডিট প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়। অনুষ্ঠানে জানানো হয়, জিডিপি গণনায় ব্যবহৃত তথ্যের ৬০ শতাংশ এসেছে বিবিএসের নিজস্ব প্রত্যক্ষ জরিপ থেকে, যেগুলোতে কোনো হস্তক্ষেপ করা হয়নি। তবে বাকি ৪০ শতাংশ তথ্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ বোর্ডের মতো অন্যান্য সরকারি প্রশাসনিক উৎস থেকে নেওয়া হয়েছিল। মূলত এসব দ্বিতীয় পর্যায়ের তথ্যে ব্যাপক গরমিল ও অসংগতি পাওয়া গেছে।
নিরীক্ষায় জিডিপি হিসাবের সাতটি খাত চিহ্নিত করা হয়েছে, যেখানে তথ্য বাড়িয়ে বা অতিরিক্ত মূল্যায়ন করে দেখানো হয়েছে। ২২টি শিল্প উপখাতের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, প্রত্যক্ষ জরিপের বদলে প্রশাসনিক তথ্যের ওপর নির্ভরতার কারণেই বড় ধরনের গরমিল তৈরি হয়। উদাহরণস্বরূপ, সিমেন্ট শিল্পে যে পরিমাণ উৎপাদন দেখানো হয়েছে, জিডিপিতে সেই খাতের মূল্য সংযোজনের হিসাবের সঙ্গে তার সামঞ্জস্য ছিল না। একই অসংগতি পেট্রোলিয়ামসহ বিভিন্ন খাতে দেখা গেছে। সিমেন্ট ও ওষুধ শিল্পের মতো বড় খাতে পণ্যের মূল্যবৃদ্ধিকে ভুলবশত উৎপাদন বৃদ্ধির সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছিল। তবে তৈরি পোশাক খাতের প্রাথমিক তথ্য নির্ভরযোগ্য থাকায় সেখানে এ জাতীয় অসংগতি মেলেনি।
রাজস্ব ও রপ্তানির তথ্যেও ব্যাপক অসংগতি চিহ্নিত করেছে এই অডিট। এনবিআরের তথ্যানুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশ এবং ২০১৬-১৭ অর্থবছরে তা হয়েছিল ২৩ শতাংশ, যা পরে কমতে থাকে। অন্যদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের তথ্যে ফারাক ছিল এবং ইপিবির তথ্যে ওভার-ইনভয়েসিং বা অতিরিক্ত মূল্য দেখানোর প্রভাব বিদ্যমান ছিল। এই অসংগতি কাটাতে সরকার এখন থেকে রপ্তানির প্রামাণ্য হিসাব হিসেবে বাংলাদেশ ব্যাংকের তথ্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
ঐতিহাসিক উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, বিশেষজ্ঞদের নানা সংশয়ের মধ্যেই আওয়ামী লীগ আমলে প্রবৃদ্ধির হার ৮ শতাংশের কাছাকাছি নেওয়া হয়। অডিট অনুযায়ী, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি কখনো ৭ শতাংশের বেশি আবার কখনো এর কাছাকাছি ছিল। বিশেষ করে ২০১৮-১৯ অর্থবছরে এটি প্রায় ৮ শতাংশ ছুঁয়ে ফেলে। তবে করোনাকালে ২০১৯-২০ অর্থবছরে তা কমে ৩.৪৫ শতাংশে নেমে আসে এবং ২০২২-২৩ অর্থবছর থেকে বিভিন্ন অর্থনৈতিক সংকটের কারণে প্রবৃদ্ধি কমতে থাকে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যও সাবেক সরকারের প্রদর্শিত প্রবৃদ্ধির পরিসংখ্যান সঠিক নয় বলে উল্লেখ করেছিলেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জিডিপির অতিরিক্ত হিসাবের যে সাতটি দুর্বলতা চিহ্নিত করেছে সেগুলো হলো: বিবিএসের শিল্প উৎপাদন সূচক গণনায় নমুনার আকার ছোট হওয়া, এনবিআরের কর সংক্রান্ত তথ্য যাচাইয়ে সমন্বিত ব্যবস্থার অভাব, ইপিবির রপ্তানি তথ্যে ওভার-ইনভয়েসিংয়ের প্রভাব, সরকারি বিভিন্ন সংস্থা ও একচেটিয়া প্রতিষ্ঠানের প্রশাসনিক তথ্য যাচাই ছাড়াই ব্যবহার, নির্মাণ খাতের একক পয়েন্টের পরিবর্তনে সামগ্রিক হিসাবে প্রভাব পড়া, ক্ষুদ্র ও কুটিরশিল্পে সরাসরি তথ্যের বদলে প্রাক্কলনের ওপর নির্ভরতা এবং পুরোনো তথ্যের প্রবণতা ধরে রেখে হিসাব চালিয়ে যাওয়া।
জিডিপির পরিসংখ্যান নির্ভুল ও বিশ্বাসযোগ্য করতে বিআইডিএস ১০টি সংস্কার সুপারিশ পেশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: তথ্য সংগ্রহের জন্য মানসম্মত নথিভুক্ত ছক চালু করা, বিবিএসের দ্বিতীয় পর্যায়ের তথ্যে কারিগরি যাচাই বাধ্যতামূলক করা, এক খাতের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট অন্য খাতের (যেমন পরিবহন) প্রতিফলনের আন্তঃসম্পর্ক পরীক্ষা করা, উৎপাদন শিল্পের জরিপ (এসএমআই) নিয়মিত হালনাগাদ করা, ২০০৫ সালের ভিত্তিবছরকে নতুন মানদণ্ডে রূপান্তর এবং ইপিবি, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের তথ্য সমন্বয়ের কৌশল নির্ধারণ। এ ছাড়া উৎপাদন ও ব্যয় পদ্ধতির পাশাপাশি আয় পদ্ধতি ব্যবহারের সুযোগ পরীক্ষা, বিবিএসের স্বায়ত্তশাসন ও পেশাগত নেতৃত্ব নিশ্চিত করা, তথ্য দ্রুত ও উন্মুক্ত প্রকাশ এবং পরিসংখ্যানের মান বজায় রাখতে একটি স্থায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাজনৈতিক স্বার্থ ও উন্নয়নের ইতিবাচক ছবি আঁকতে প্রবৃদ্ধির হিসাব বাড়িয়ে দেখানো হয়েছিল। তিনি জানান, পরিসংখ্যানের প্রতি আস্থা ফেরাতে কোনো সম্মানী না নিয়ে বৈজ্ঞানিক উপায়ে অডিট সম্পন্ন করেছেন গবেষক, অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদরা। সরকার বৈজ্ঞানিক পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় গবেষকদের পাশে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ও জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের প্রকৃত অবদান নিরূপণে বিবিএসের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানো দরকার। তিনি জাতিসংঘের জাতীয় হিসাবব্যবস্থা (এসএনএ) অনুসরণ এবং জাতীয় ইনপুট-আউটপুট ম্যাট্রিক্স তৈরির জোর তাগিদ দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার এবং সভাপতিত্ব করেন তিনি নিজেই। ধন্যবাদ জ্ঞাপন করেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপংকর রায়। সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেনও বক্তব্য প্রদান করেন।
মূল্যায়নে বলা হয়েছে, ২০১৪–১৫ অর্থবছরে এনবিআরের প্রতিবেদনে দেখা যায়, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ আর ২০১৬-১৭ অর্থবছরে ২৩ শতাংশ। পরবর্তীকালে এ প্রবৃদ্ধির হার ধীরে ধীরে কমে আসে। সিমেন্ট ও ওষুধশিল্পের মতো বড় খাতে পণ্যের দাম বাড়ার সঙ্গে উৎপাদনের আর্থিক মূল্যও বেড়েছে। তবে সেই মূল্যবৃদ্ধিকে উৎপাদন বৃদ্ধির সঙ্গে গুলিয়ে ফেলার কারণে জিডিপির হিসাবে স্ফীতি তৈরি হয়েছে। বিবিএসের শিল্প উৎপাদন সূচকসহ বিভিন্ন উৎসের তথ্য ব্যবহার করে দেখানো হয়েছে, জিডিপির হিসাব করার সময় একাধিক পর্যায়ে এ ধরনের অতিরিক্ত হিসাব করা হয়েছে। নিরীক্ষায় রাজস্ব ও রপ্তানি পরিসংখ্যানেও গরমিল চিহ্নিত হয়েছে। ইপিবি, কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রপ্তানি তথ্যে পার্থক্য ছিল। এনবিআরের তথ্যেও সমন্বিত বাজেট ও হিসাবব্যবস্থা (আইবাস) চালুর আগে অসংগতি ছিল বলে জানান তিতুমীর। তিনি বলেন, সরকার এখন রপ্তানির হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রামাণ্য হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব অসংগতি দূর করতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।




