সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কার্যকরভাবে ক্ষেপণাস্ত্র দুটি শনাক্ত করে ধ্বংস করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সময়ের মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও দুটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। কর্নেল তুর্কি আল-মালিকি এক ঘণ্টার কম সময়ের ব্যবধানে পৃথক দুটি পোস্টে এই সামরিক সাফল্যের কথা জানান।
এর আগে রাজধানী রিয়াদে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জরুরি সতর্কতা জারি করেছিল। পরবর্তীতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় যে, বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জনসমাগম এড়িয়ে চলা এবং কোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকা।
এদিকে প্রতিবেশী দেশ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং প্রয়োজনে নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জননিরাপত্তার স্বার্থে কেবল সরকারি সূত্র থেকে প্রকাশিত খবরের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। তবে বাহরাইনে ঠিক কী ধরনের নিরাপত্তা হুমকির আশঙ্কা করা হচ্ছে, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।




