চট্টগ্রামের কর্ণফুলীতে আটক আলোচিত আইনজীবী এম কামাল উদ্দিনকে জরিমানা করে মুক্তি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তাকে আটক করে। স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাকে হেফাজতে নিয়েছিল। শনিবার বিকেলে তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে আদালত তাকে মুক্তির আদেশ দেয়।
মুক্তি পাওয়ার পর এম কামাল উদ্দিন বলেন, তিনি সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। তিনি তারেক রহমানের জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন তাকে রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার তৌফিক দেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, এম কামাল উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকায় সন্দেহজনক চলাফেরার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয়েছিল। এই ধারা অনুযায়ী, সন্তোষজনক ব্যাখ্যা ছাড়া কোনো স্থানে অবস্থান বা জনসমাগমস্থলে ঘোরাফেরা এবং নিজের পরিচয় সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পুলিশকে আটকের ক্ষমতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এম কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ সরকারের সময় তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন।




