ধান উৎপাদনের অন্যতম প্রধান জেলা নেত্রকোনা। জেলার কয়েক লাখ কৃষকের জীবিকা মূলত বোরো ও আমন ধান চাষের ওপর নির্ভরশীল। বিশেষ করে হাওরাঞ্চলের বোরো ধান জেলার অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ক্রমবর্ধমান ফসল উৎপাদনের চাহিদা মেটাতে গিয়ে কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে অনেক ক্ষতিকর ও ভেজাল কীটনাশকও রয়েছে, যা মাটি, পানি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
কৃষি সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর পোকামাকড় দমনের পাশাপাশি উপকারী পোকা ও বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যাচ্ছে। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং উপকারী প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় ইঁদুরের উপদ্রব বাড়ার মতো সমস্যাও তৈরি হয়েছে। এছাড়া, অনেক কৃষক কীটনাশক ব্যবহারের নিয়ম ও নিরাপত্তাবিধি সম্পর্কে সচেতন নন। মাস্ক, গ্লাভস বা সুরক্ষামূলক পোশাক ছাড়াই কীটনাশক প্রয়োগ করায় এসব বিষাক্ত রাসায়নিক শ্বাস-প্রশ্বাস বা ত্বকের মাধ্যমে কৃষকদের শরীরে প্রবেশ করছে। এর ফলে তাৎক্ষণিকভাবে বমি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও ত্বকে জ্বালাপোড়ার মতো শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন এই বিষাক্ত পদার্থের সংস্পর্শে থাকলে লিভার, কিডনি ও স্নায়ুতন্ত্রের ক্ষতির পাশাপাশি ক্যানসারসহ দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকিও বাড়ছে।
আর্থিক দিক থেকেও কৃষকরা চাপের মুখে রয়েছেন। চলতি অর্থবছরে নেত্রকোনা জেলায় ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপিসহ প্রায় ১ লাখ ৩৫ হাজার ৬৩৫ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। এর পাশাপাশি কীটনাশকের পেছনেও কৃষকদের বছরে ব্যয় হচ্ছে প্রায় শত কোটি টাকা। দুর্গাপুরের লক্ষীপুর গ্রামের কৃষক আব্দুল হক জানান, ধান চাষে এখন সার ও কীটনাশকের ওপর নির্ভরতা অনেক বেড়েছে। আগে যে সার প্রতি বস্তা ৭৫০ থেকে ৮৫০ টাকায় পাওয়া যেত, এখন তা প্রায় ১ হাজার ৫০০ টাকায় কিনতে হচ্ছে। জ্বালানি ও উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।
আটপাড়ার মঙ্গলসিদ্ধ গ্রামের কৃষাণী বেগম জানান, আগে জৈব সার ব্যবহার করে সবজি ফলানো গেলেও এখন রাসায়নিক ছাড়া ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাজারের সবজির ওপর নির্ভর করতে হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানান, পরিবেশবান্ধব ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ক্ষতিকর পোকা দমনে জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।




