নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগের অভিযোগে দায়ের করা এই মামলায় তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মোহাম্মদ জাহাংগীর আলম বর্তমানে চট্টগ্রামে আরআরএফ’র ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তার যোগাযোগের তথ্য পাওয়ার পর গত ১০ নভেম্বর তার ব্যক্তিগত ও অফিশিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তাকে কর্মস্থলে নজরদারিতে রাখা হয়েছিল।




