সাভার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক নাদিম হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪০ বছর বয়সী এই সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মা-বাবা ও দুই বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত বুধবার (৪ নভেম্বর) তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নাদিম হাসান মোহনা টেলিভিশন, বাংলা মেইল টোয়েন্টিফোর, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনে সাভার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি মা-বাবার সঙ্গে সাভারের ব্যাংক কলোনি এলাকায় বসবাস করতেন।
নাদিম হাসানের মৃত্যুতে সাভার প্রেসক্লাব, সাভার মিডিয়া ক্লাব ও ধামরাই রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছে। সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল রহমান তার মৃত্যুকে সাভারের সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি নাদিম হাসানের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার বিদেহি আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
শুক্রবার বাদ এশা সাভার প্রেসক্লাবে নাদিম হাসানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রথম জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে নেওয়া হয় এবং সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।




