গাজীপুরের শ্রীপুরে সমবায়ীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে একটি পৃথক সমবায় মার্কেট স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় সমবায়ী নেতারা। তাঁদের মতে, এ ধরনের বাজার প্রতিষ্ঠিত হলে উৎপাদকরা সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রির সুযোগ পাবেন, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে উৎপাদক ও ভোক্তা উভয়কেই লাভবান করবে।
রোববার (৮ নভেম্বর) ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ জাকারিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীপুর পশ্চিমপাড়া সার্বিক সমবায় সমিতির সভাপতি মাঈন উদ্দিন, পাথারপাড়া মৎস্য চাষি সমবায় সমিতির সেলিম আহমেদ এবং ঢাকা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া। আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া বলেন, সমবায়ীরা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। তাঁদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির জন্য একটি বৃহৎ সমবায় বাজার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। পাশাপাশি তিনি কৃষি সমবায় সমিতিগুলোকে সচল করা এবং সমবায়ীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এছাড়া সভায় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাবও উত্থাপন করা হয়েছে।




