শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজারের এক সেলুন ব্যবসায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন। রোববার পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাকে কালিমা পাঠ করান।
ইসলাম ধর্ম গ্রহণকারী ওই ব্যক্তির আগের নাম ছিল শ্রী গণেশ। আড়াইআনী বাজারে ‘তিথি হেয়ার ড্রেসার’ নামে তার একটি সেলুনের দোকান রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি তার ফেসবুক আইডির নামও পরিবর্তন করেছেন। আগে তার ফেসবুক আইডির নাম ছিল ‘শ্রী গণেশ’, যা পরিবর্তন করে বর্তমানে ‘মো. নাসির হোসাইন’ রাখা হয়েছে।
নিজের ইসলাম ধর্ম গ্রহণের কারণ সম্পর্কে নওমুসলিম মো. নাসির হোসাইন বলেন, ‘ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য, বই ও ওয়াজ শুনে আমি আকৃষ্ট হই। এরপর আমার কাছে মনে হয়েছে, ইসলাম ধর্ম সত্য ও সুন্দর। তাই আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’




