আজ বুধবার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। এর আগে সকালে মন্দিরে মন্দিরে দশমীর পূজা ও দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। হিন্দুদের বিশ্বাস মতে, ঘোড়ায় চেপে আসা দুর্গা এবার নৌকায় চড়ে বিদায় নেবেন।
গতকাল মঙ্গলবার হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী ঢাকের বাদ্য, মন্ত্রপাঠ আর ভক্তদের প্রার্থনায় পালিত হয়েছে মহানবমী। এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু করে সিদ্ধেশ্বরী কালী মন্দির পর্যন্ত সর্বত্র ছিল দেবীর পূজা, অঞ্জলি ও নানা ধর্মীয় আচার। উৎসবের আনন্দের পাশাপাশি ভক্তদের মনে ছিল বিদায়ের সুর।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল সোয়া ১০টায় শুরু হয় মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা। ভক্তরা ফুল ও বেলপাতা দিয়ে দেবীর চরণে অঞ্জলি দেন। মন্দিরের পুরোনো অংশে হয়েছে হোমযজ্ঞ ও বলিদানের আনুষ্ঠানিকতা। পূজা শেষে অনেকে মন্দিরের মেলায় ঘুরেছেন, যেখানে ঘর সাজানোর সামগ্রী, চুড়ি, গহনা ও শিশুদের খেলনার দোকানে পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের ভিড় ছিল। ভক্তদের প্রার্থনায় ছিল অশুভ শক্তির বিনাশ, মানুষের মঙ্গল এবং দেশে শান্তি ও সম্প্রীতি।
রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরেও মহানবমীর বিশেষ আয়োজন ছিল। সকালে শালগ্রামশিলা ও দেবী দুর্গার মহাস্নানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ষোড়শ উপচারে বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়। দুপুর ১২টার মধ্যে মহাহোম বা যজ্ঞ সম্পন্ন হয়। সন্ধ্যায় দেবীর আরতির পাশাপাশি ধুনুচি নাচের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বয়সের ভক্তরা ঢাক ও কাঁসার তালে অংশ নেন। মন্দিরের আয়োজকরা জানান, বুধবার দুপুরে প্রতিমা নিয়ে তারা ওয়াইজঘাটের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ করবেন।
মহানবমীতে দেবী দুর্গার নবম রূপ সিদ্ধিদাত্রীর আরাধনা করা হয়। পূজা ও যজ্ঞের তাৎপর্য তুলে ধরে সিদ্ধেশ্বরী মন্দিরের ঠাকুর চন্দন চক্রবর্তী বলেন, যজ্ঞ ও হোমের মধ্য দিয়ে আমাদের কল্প অনুসারে পূজার মূল আনুষ্ঠানিকতা সমাপ্তির পথে। আজ সন্ধ্যায় শুধু মায়ের আরতি এবং আগামীকাল দর্পণ বিসর্জনের মাধ্যমে বিজয়া দশমী পালিত হবে।
পূজার শেষ সময়ে ভক্তদের আনন্দের সঙ্গে মিশেছে বিচ্ছেদের অনুভূতি। এবার সপ্তমীর তিথি দুদিন বিস্তৃত থাকায় রোববার ও সোমবার সপ্তমীর পূজা হয়েছে। সোমবার মহাষ্টমী ও কুমারী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখন রাজধানীর বিভিন্ন এলাকার মণ্ডপ থেকে প্রতিমাগুলো নির্ধারিত নদীঘাটে বিসর্জনের প্রস্তুতি চলছে।




