বশির আহাম্মদ,বান্দরবান: বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (০৫ জুন) দুপুরে চিম্বুক সড়কের শৈলপ্রপাত এলাকার ছয় মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে আসা ১১ জন পর্যটকের একটি দল মাইক্রোবাসে (নোহা) করে নীলগিরির দিকে যাচ্ছিল। পথে হঠাৎ চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গাড়িতে থাকা পর্যটকরা দ্রুত নেমে যান। ফলে বড় ধরনের বিপদ থেকে তারা রক্ষা পান।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, পাহাড়ে তীব্র তাপপ্রবাহ এবং গাড়ির জ্বালানি লাইন (ফুয়েল লিকেজ) থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। গাড়িটি পুড়ে গেলেও পর্যটকরা সবাই নিরাপদে আছেন।




