বিজন কুমার বিশ্বাস,কক্সবাজার: কক্সবাজাaরের চকরিয়া পৌরসভার বিনামারা এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন গুলিবিদ্ধসহ আরও ৬ জন আহত হয়েছে।আজ রোববার (০৫ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান জায়গা-জমির বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে হঠাৎ করেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া হয়, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। ঘটনায় গুলিবিদ্ধ ৩ জনসহ মোট ৯ জন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় এমন প্রকাশ্য গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।




