বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। আজ বুধবার(০১ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার চিরিংগা ইউনিয়ন এর সৌদাগরঘোনা ছড়া বটতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা ডুলাহাজারার বালুরচর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে বাকেয়া মনি (৭) এবং সৌদাগরঘোনা ছড়া বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফা জান্নাত (৫)। সম্পর্কে তারা চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাকেয়া মনি তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে নানাবাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে গিয়ে চাচাতো বোন হুজাইফা জান্নাতের সঙ্গে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরিবারের কেউ টের না পাওয়ায় কিছুক্ষণ পানিতেই ডুবে থাকে তারা। পরে স্বজনরা পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদিন জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে চকরিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের প্রতি আরও নজরদারি বাড়ানো এবং পুকুরসহ জলাশয়ের পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।




