সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৩ প্রবাসী রয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনাগুলোতে ভারত, ওমান, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান এবং মিসরের নাগরিকসহ অন্তত সাত দেশের ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। ট্রাকটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে সেটি উল্টে যানজটে আটকে থাকা আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং তা পার্শ্ববর্তী গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয় এবং ১৪ জন নিহত হন।
আহত ৩০ জনের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও বিভিন্ন দেশের মানুষ রয়েছেন। কয়েকজনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।
একই দিনে অন্য একটি দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। খালিজ টাইমসের তথ্য অনুযায়ী, শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে ২১ বছর বয়সী যমজ ভাইবোন ও তাদের তিন বছর বয়সী ভাগনে রয়েছে। একই পরিবারের আরও চার সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফুজাইরাহ শহরের এক সমাজকর্মী জানান, নিহত তরুণদের বাবা সেখানে খাবারের দোকান পরিচালনা করেন। এই ঘটনায় স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মাঝে গভীর শোক বিরাজ করছে।




