বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আমদানি নির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে জোর দিয়েছে সরকার। বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুবিধা চালু করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা, সরঞ্জাম আমদানিতে কর ও শুল্কছাড় এবং নীতিগত বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এসব পদক্ষেপে স্থাপন ব্যয় যেমন কমেছে, তেমনি সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
বাস্তব চিত্রে দেখা যায়, স্থানীয় পর্যায়ে নিজস্ব উদ্যোগে সৌরবিদ্যুৎ তৈরি করে সুফল পাচ্ছেন অনেকেই। মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান তাঁর ‘সালেহা অয়েল মিল’-এর বিদ্যুৎ চাহিদা মেটাতে ১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ৯টি প্যানেল নিয়ে একটি সৌর ব্যবস্থা গড়ে তোলেন, যার মোট উৎপাদনক্ষমতা ৫.২৩ কিলোওয়াট। পরিবেশবান্ধব এই ব্যবস্থা থেকে নিজের চাহিদা মিটিয়ে তিনি নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে মাসে গড়ে ৫৫০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করেন। এতে তাঁর প্রতি মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় হচ্ছে। তবে অর্থায়নের সহজ সুযোগ পেলে এটি আরও সম্প্রসারণের ইচ্ছে প্রকাশ করে তিনি জানান, প্রাতিষ্ঠানিক অর্থায়ন সুবিধা থাকলেও সাধারণ গ্রাহকদের জন্য সরাসরি ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়ে গেছে।
একইভাবে বিদ্যুৎ বিল কমাতে সৌর প্যানেল বসিয়েছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার চকগোপাল গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন। ৫৮৫ ওয়াটের সাতটি প্যানেল নিয়ে স্থাপিত তাঁর প্রায় ৪.১ কিলোওয়াট-পিক (৪,০৯৫ ওয়াট) ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থার পেছনে খরচ হয়েছে ১ লাখ ৭৩ হাজার টাকা। গৃহস্থালি কাজের পাশাপাশি পানির মোটর চালাতে সৌরবিদ্যুৎ ব্যবহার করায় আগে যেখানে মাসে ১৫০০ টাকা বিল আসত, এখন তা কমে ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে নেমে এসেছে। তবে নেট মিটারিংয়ের অনুমতি না পাওয়ায় তিনি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে পাঠাতে পারছেন না বলে জানান।
সৌরবিদ্যুতের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে জাতীয় গ্রিডেও এর সরবরাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে গ্রিডসংযুক্ত সৌরবিদ্যুতের পরিমাণ ছিল ১ হাজার ২০ মেগাওয়াট, যা নভেম্বরের শুরুতে বেড়ে ১ হাজার ২৮৩ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
সৌরবিদ্যুৎ খাতকে আরও গতিশীল করতে সরকার নানা নীতিগত পদক্ষেপ নিয়েছে। নতুন গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই খাতের অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ দিয়েছে এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে। বিদ্যুৎ বিভাগের গত ১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রাহকের উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে ২০৩০ সাল পর্যন্ত কিনে নেবে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে যারা নেট মিটারিং সংযোগ পাবেন, তারা এই সুবিধা উপভোগ করতে পারবেন। অনলাইনে নেট মিটারিং আবেদনের মাধ্যমে গ্রাহকের সরবরাহ করা বিদ্যুতের হিসাব কষে বিল সমন্বয় করা যাবে।
প্রাথমিক বিনিয়োগ সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সৌর সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানিতে করহার ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নামিয়ে এনেছে। নির্ধারিত যোগ্য সরঞ্জামাদি এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী এই সুবিধার আওতায় থাকবে।
পাশাপাশি, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে গত ১৯ অক্টোবর সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করে। এর মাধ্যমে ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, চা বাগান, জলাশয় ও কৃষি-সৌর ব্যবস্থার আওতায় সর্বোচ্চ ৫ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প গড়ার সুযোগ দেওয়া হয়েছে। এই অধ্যাদেশে ওপেক্স মডেলে অর্থায়ন, তদারকি, সার্ভিস প্রোভাইডার নির্বাচন এবং চুরি বা অবৈধ সংযোগের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে। জেলাভিত্তিক সার্ভিস প্রোভাইডার তালিকা থেকে গ্রাহকরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন। মাঠপর্যায়ে কার্যক্রম তদারকিতে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কমিটি থাকবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠিত হবে।
২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এ লক্ষ্যে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ১০,৪৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের খসড়া পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫,৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক থেকে ৪,৫০০ মেগাওয়াট আসবে। সমস্ত সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো বাধ্যতামূলক করা হয়েছে এবং পরিষেবা সহজ করতে ওয়ানস্টপ সার্ভিস চালু রয়েছে।
বিদ্যুৎ বিভাগ ও ইডকলের যৌথ উদ্যোগে গত ৩ ও ৪ নভেম্বর আয়োজিত সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে উন্নয়ন সহযোগীদের সাহায্য আহ্বান করেন। তিনি উল্লেখ করেন, বড় প্রকল্পের পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রবাসীদের জন্যও এই খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ উন্মুক্ত রয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নেট মিটারিং অনুমোদন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা জরুরি, যাতে অনুমোদনের দীর্ঘসূত্রতায় গ্রাহকরা উৎসাহিত না হারান। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর এনার্জি রিসার্চের (সিইআর) পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী সরকারের আমদানি শুল্ক কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যেহেতু সাধারণ গ্রাহকরা স্থানীয় বাজার থেকে সরঞ্জাম কেনেন, তাই কেবল আমদানিতে শুল্ক কমালেই প্রান্তিক পর্যায় পর্যন্ত সরাসরি সুবিধা পৌঁছায় না। স্থানীয় বাজারে কর ও ভ্যাট হ্রাস, ২ থেকে ৫ বছরের জন্য প্রণোদনা, সহজ শর্তে ঋণ ও দীর্ঘমেয়াদি কিস্তিতে অর্থ পরিশোধের সুবিধা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের জন্য প্রাথমিক বিনিয়োগের চাপ অনেকটাই কমবে।




