যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। যে এলাকায় এই গুলির ঘটনা ঘটেছে, তা হোয়াইট হাউস থেকে হাঁটার দূরত্বে অবস্থিত।
ঘটনার পরপরই অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন জায়গায় এই গুলি চালানো হয়েছে। তবে ঠিক কোন নির্দিষ্ট স্থানে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। পুলিশ বিভাগের মুখপাত্র নিকোল ডিনার জানিয়েছেন, গুলি ছোড়া ব্যক্তিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে একজন অস্ত্রধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে একটি ফিটনেস সেন্টার, একটি চার্চ, বসতবাড়ি এবং একটি খাবারের সুপারমার্কেট রয়েছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং নিকটস্থ স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।




