বশির আহমেদ, বান্দরবান: বান্দরবানে ইসলামি মূল্যবোধের উন্নয়ন এবং ইসলামি সংস্কৃতি বিকাশের উদ্দেশে জেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার(৩১ মার্চ) দুপুর ১২টায় জেলা সদরের মেঘলা পর্যটন এলাকায় প্রশাসন, গণপূর্ত বিভাগ, ইসলামি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৪৩ শতাংশ জমির ওপরে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এসময় জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো: ফয়জুর রহমান, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমিত রায়, বান্দরবান ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মো ওসমান গনি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাছির উদ্দীন, সাইফুল ইসলাম’সহ স্থানীয় মুসলিম ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগ ও ইসলামি ফাউন্ডেশনের তথ্যমতে, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি হাতে নেওয়া হয়। ২০১৭ সালের ২৫ এপ্রিল এটির অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পষিদের নির্বাহী কমিটি (একনেক)। বান্দরবান জেলায় ৪৩ শতাংশ জমির উপর ১৮ কোটি টাকা ব্যয়ে চারতলা মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদে একই সঙ্গে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ চলবে। নারীদের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা থাকবে। যেখানে থাকবে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, পর্যটকদের আবাসন, হজযাত্রীদের নিবন্ধন প্রভৃতি।




