সিলেটের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকায় মো. নুরুল ইসলাম (৬৫) নামের এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কায়স্থরাইল এলাকার নিজ বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে লাশের পাশেই রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া গেছে। মৃত নুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফজরের নামাজ আদায়ের পর নুরুল ইসলাম ও তার স্ত্রী পুনরায় ঘুমাতে যান। সকাল সাড়ে ৯টার দিকে ঘুম থেকে উঠে স্ত্রী তাকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাসার দ্বিতীয় তলার বাথরুমে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে। ওসি আরও জানান, এর আগেও নুরুল ইসলাম গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এছাড়া বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ওই সময় বাসার ভেতর অন্য কাউকে ঢুকতে বা বের হতে দেখা যায়নি।




