গাজীপুর মহানগরের পূবাইলের খিলগাঁওয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল রউফ সরকারের কুলখানি। দোয়া, মোনাজাত, কবর জিয়ারত ও গণভোজের এই আয়োজনে মরহুমের স্বজন, সহযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এতে পুরো এলাকায় এক শোকাবহ ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
শুক্রবার জুমার নামাজ শেষে গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও জামে মসজিদে এই বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এতে মহান মুক্তিযুদ্ধে মরহুম আব্দুল রউফ সরকারের অসামান্য অবদান, দেশপ্রেম এবং সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ আল হারুন। মোনাজাতের পর মরহুমের কবর জিয়ারত ও গণভোজের আয়োজন করা হয়, যেখানে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
স্মরণসভা ও কুলখানির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
এছাড়া অনুষ্ঠানে আরও যোগ দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, পূবাইল থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে সরাসরি অস্ত্র হাতে লড়াই করা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকার গত ২১ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২১ জুলাই বিকেলে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় 'গার্ড অব অনার' প্রদান করা হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুম আব্দুল রউফ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর একান্ত সচিব (পিএস) আবু বকর সরকারের বাবা।




