বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আদেশে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই এই নামগুলো পরিবর্তন করা হয়েছে।
নতুন নামকরণ করা জাহাজগুলোর মধ্যে রয়েছে বিসিজিএস অদম্য বাংলা, বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস আশরাফ সিদ্দিকী। আগে এই জাহাজগুলোর নাম ছিল যথাক্রমে বিসিজিএস জয় বাংলা, বিসিজিএস সৈয়দ নজরুল, বিসিজিএস তাজউদ্দীন, বিসিজিএস মনসুর আলী এবং বিসিজিএস কামরুজ্জামান।
জাহাজগুলোর নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, আগের নামগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গের নামে ছিল এবং বিষয়টি ছিল রাজনৈতিক। তিনি জানান, সেখান থেকে নামগুলো সাধারণীকরণ করা হয়েছে এবং এখন শহীদদের স্মরণে জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে।




