নরসিংদীর পলাশ উপজেলায় নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগনিকে দিয়ে পর্ন ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফিক সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার ইসলাম সিএনজি সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন। সেই বাসায় তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে পর্ন ভিডিও তৈরি করতেন এবং পরবর্তীতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক পর্নসাইটে বিক্রি করতেন। গোয়েন্দারা তার ব্যাংক অ্যাকাউন্টে এ সংক্রান্ত সন্দেহজনক লেনদেনের প্রমাণও পেয়েছেন।
প্রশাসনের নজরদারি এড়াতে গিয়াস সম্প্রতি স্বপরিবারে মাধবদীর ওই এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, তিনি পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা বদল করেন। এই তথ্য পাওয়ার পর এনএসআইয়ের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়িতে নজরদারি শুরু করে। এরপর পলাশ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানিয়েছেন, গিয়াস উদ্দিনের বাসা থেকে পর্নোগ্রাফি সংক্রান্ত নানা আলামত উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে এবং বর্তমানে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গিয়াস উদ্দিন মূলত গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।




