আনোয়ারা প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, আনোয়ারা উপজেলা শাখার নতুন কার্যালয় আজ বৃহস্পতিবার(০৫ মার্চ) বিকেলে আনোয়ারা সদরে শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন এই কার্যালয়টি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -শিল্পোদ্যোক্তা ও তরুণ রাজনীতিবিদ সাহ্ওয়াজ নিজাম সনি, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, আনোয়ারা উপজেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দিবাকর বড়ুয়া, সদস্য সচিব রাহুল ধর, যুগ্ন আহ্বায়ক নীলকৃষ্ণ চন্দ, জহরলাল সিকদার, প্রণয় বড়ুয়া, প্রদীপ চৌধুরী, তুষার সিকদার, নয়ন বড়ুয়া, মিলকী চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, “আনোয়ারা উপজেলা কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয়টি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মিলন মেলা হিসেবে কার্যকর ভূমিকা রাখবে। সংগঠনের গৃহীত নানা সামাজিক ও মানবিক কার্যক্রম সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা অবতীর্ণ হবে। তিনি অতীতের ন্যায় আগামীতেও কল্যাণ ফ্রন্টের পাশে থাকবো আশাবাদ ব্যক্ত করেন।




