বিনোদন ডেস্ক: আজ সেই সুন্দরী কঙ্গনার জন্মদিন। ৩৫ বছরে পা রাখলেন তিনি। শুভ জন্মদিন কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি জেলার ভম্বলায় জন্ম কঙ্গনার। বাবা-মা চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক। কিন্তু কঙ্গনা নিজের পছন্দের বাইরে যেতে চাননি। দিল্লিতে গিয়ে মডেলিং শুরু করেন তিনি। এরপর থিয়েটারে নাম লেখান। অভিনয় প্রশংসা পাওয়ার পর মুম্বইতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০০৬-এ প্রথম বাঙালি পরিচালক অনুরাগ বসুর হাত ধরে বলিউডে অভিষেক কঙ্গনার। ছবির নাম ছিল গ্যাংস্টার। এর পর আর ফিরে তাকাতে হয়নি।
একের পর এক হিট ছবির মালকিন এখন বলিউডের একচ্ছত্র কুইন। এরপর ‘ফ্যাশন’, ‘লাইফ ইন আ মেট্রো’ দিয়ে সকলের নজরে আসেন। তবে কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘তন্নু ওয়েডস মন্নু’। ছবি সুপার ডুপার হিট। ঠিক তারপরেই আসে ‘কুইন’, যা কঙ্গমনাকে বানিয়ে দেয় বলিউডে কুইন। জিতে নেন জাতীয় পুরস্কার। এরপর তো ‘মনিকর্ণিকা’, ‘থলাইভি’, ‘রঙ্গুন’-এর মতো ছবিতে তিনি কাজ করে সকলকে চমকে দিয়েছেন।
কঙ্গনা আর করণ জোহরের বিবাদও কারো অজানা নয়। করণের শো ‘কফি উইথ করণ’-এ বসেই এনেছিলেন প্রথম ঝড়।
বলিউডে কেরিয়ার তৈরি করা সহজ ছিল না কঙ্গনার জন্য। তার ইংরেজির অ্যাকসেন্ট থেকে শুরু করে তার লুকস, সব নিয়েই আপত্তি তুলেছিলেন তখনকার পরিচালকরা বলে জানা যায়। তবে, এখন তৈরি করেছেন নিজস্ব ফ্যানবেস। রাজনীতি থেকে শুরু করে খেলা-সিনেমা, সব বিষয় নিয়েই নিজের মতামত দেন নির্ভয়ে। গত বছর তার বিতর্কিত টুইটের কারণে তাকে টুইটার থেকে আজীবনের জন্য ব্যান করা হয়। আপাতত বোমা ফাটাতে কঙ্গনা হাতে তুলে নেন ইনস্টাগ্রাম! সুত্র: হিন্দুস্তান টাইমস।



