চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তার মাধ্যমে তিনি নিজের এই পদত্যাগের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
জয় চৌধুরী জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেবেন। ওই সময় বর্তমান পরিস্থিতি এবং নিজের অবস্থান নিয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বলেও জানিয়েছেন।
এর আগে গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এফডিসি গেটে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা এতে অংশ নিলেও সেখানে অনুপস্থিত ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজন সদস্য। এই অনুপস্থিতিকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে অসন্তোষ দানা বাঁধে।
মানববন্ধন শেষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান শিল্পী সমিতির চত্বরে যান। সেখানে উপস্থিত জয় চৌধুরীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। হেলাল খান শিল্পী সমিতির সামনে থাকা কয়েকজনকে এবং পরে জয় চৌধুরীকে উদ্দেশ করে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেন এবং এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার দাবি জানান।
ঘটনাক্রম নিয়ে জয় চৌধুরী জানান, শিল্পী সমিতির সামনে অভিনেতা ডি এ তায়েবের কয়েকজন ভক্ত জন্মদিনের কেক কাটার জন্য অপেক্ষা করছিলেন। ডি এ তায়েবের আসতে দেরি হওয়ায় তারা সেখানে ছিলেন। জয় চৌধুরীর দাবি, ডি এ তায়েবকে সমর্থন করা এবং মানববন্ধনে যেতে দেরি হওয়ার কারণেই হেলাল খান তার ওপর ক্ষুব্ধ হন। তিনি আরও জানান, ভক্তদের এফডিসিতে আসার বিষয়ে ডি এ তায়েব নিজেও অবগত ছিলেন না এবং মূলত ভুল বোঝাবুঝি থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জয় চৌধুরী আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।




