দি ক্রাইম, ময়মনসিংহ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় নিজের অপকর্ম আড়াল করতেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ বৃহস্পতিবার (৩ মার্চ), বিকেলে ময়মনসিংহ মহানগরের ২৮নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় বক্তব্য রাখছিলেন তিনি।
তিনি বলেন, নিজেদের দুর্নীতি, লুটপাট ফাঁস হয়ে যাওয়ায় এখন আষাঢ়ে গল্প ফেদেছেন। তাদের দুর্নীতির সামান্য কিছু অংশ প্রকাশিত হওয়ায় তারা বেসামাল হয়ে পড়েছেন।
মহানগর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, মির্জা ফারজানা রহমান হোসনা, শামিম আজাদ, মাহবুবুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বক্তব্য রাখেন। কর্মী সভায় ময়মনসিংহ মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতায় নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এমন দুঃসহ পরিস্থিতিতে আবার এলপিজি গ্যাসের দাম একালাফে ১৫১ টাকা বৃদ্ধি করা হয়েছে। জনগণের সরকার নয় বলেই, জনগণের দুর্দশা লাঘবে কোনও পদক্ষেপ না নিয়ে আরও মূল্যবৃদ্ধি করা হচ্ছে। এর আগেও অযৌক্তিক ভাবে গ্যাস, বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, জনগণের দল হিসেবে বিএনপি নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণের ব্যাপক সাড়া ও সম্পৃক্ততা দেখে সরকার হামলা, মামলা করে আন্দোলন দমন করতে চায়। কিন্তু জনগণের দাবী নিয়ে আন্দোলন দমন করা যাবে না।
তিনি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় নবীন-প্রবীনের সমন্বয়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, আন্দোলন ও সংগঠন পুনর্গঠন পাশাপাশি চলবে। আন্দোলনের মধ্য দিয়েই সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে।
Post Views: 778




