ঢাকা ব্যুরো: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১ হাজার ৫৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু বরণ করেছে ১৬ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৯০ জনের মৃত্যু হয়েছে। এর আগেরদিন সোমবার করোনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় করোনায় মৃত্যু আজ বেড়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৫৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন।
নতুন মারা যাওয়া ১৬ জনের মধ্যে সাতজন পুরুষ ও ৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।



