চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ দুলালের ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘরে দু’দফা হামলা ও লুটপট চালিয়েছে সন্ত্রাসীরা। এমন কী তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমিতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এসময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে আওয়ামী লীগ নেতা দুলাল তার স্ত্রী, কন্যা ও দুই ছেলেকে গুরুতর জখম করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম চমেকে প্রেরণ করা হয়েছে।
সোমবার (০৫ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া থানার অদুরে চকরিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুর রশিদ দুলাল (৫৫), তার স্ত্রী রিফাত উম্মে সালমা (৪০), কন্যা আদিবা তাবাসুম (২২) ও দুই ছেলে এইচএসসি পরীক্ষার্থী নিহাল (১৮) ও নাফিজ (১৪)।
আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ দুলাল জানান, গত ৫ আগষ্ট বিকাল সাড়ে চারটার দিকে স্থানীয় ভরামুহুরি এলাকার রফিক আহমেদের ছেলে হেলাল উদ্দিন, নাজেম উদ্দিন, কফিল উদ্দিন, রিয়াজ উদ্দিন, আরিফ উদ্দিনসহ আরো কয়েকজন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে আমার বাড়ির দরজা ভেঙে ভেতরেই ঢুকে অতর্কিত হামলা করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে আমাকে আঘাত করে।
একপর্যায়ে তাদের আক্রমণ থেকে আমাকে উদ্ধারে এগিয়ে আসলে তাঁরা আমার স্ত্রী, আমার কন্যা ও দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে। ঘটনার সময় তাঁরা আমার বাড়ির আলমিরা ভেঙে বিপুল স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে তাঁরা আমার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। বর্ণমালার সায়েন্সল্যাব থেকে মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায়। এতে তার প্রায় দশ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
তিনি আরও জানান, হামলায় আহত আমার স্ত্রী ও দুই ছেলেকে স্থানীয় চকরিয়া মেডিকেল সেন্টারে ভর্তি করে চিকিৎসাধীন দেওয়া হয়েছে। তাদের মধ্যে আমার স্ত্রী ও এক ছেলের শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এঘটনায় হামলার ঘটনা শুনে তাৎক্ষণিক চকরিয়া পৌরসভার স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের কবল থেকে তাঁর পরিবার সদস্যদের উদ্ধার করেছেন বলে জানিয়েছেন আমিনুর রশিদ দুলাল। এ ঘটনায় তিনি হামলাকারীদের বিরুদ্ধে চকরিয়া থানায় আইনের আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছেন।




