মিজবাউল হক, চকরিয়া: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচীর প্রথম দিনে উত্তপ্ত কক্সবাজারের চকরিয়া পৌরশহর। সারাদিন মিছিল ও মিটিং করে রাজপথ দখলে রেখেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কয়েক দফা মিছিল নিয়ে মহাসড়কে আসলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পালিয়ে যায়।
আজ রবিবার (০৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী চিরিঙ্গায় মিছিল বের করলে কক্সবাজার-১ আসনের সাবেক সাংসদ জাফর আলমের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ধাওয়া দিয়ে মারধর করে। ওইসময় অন্তত ১০-১২ জন আহত হয়েছে। আহতরা সবাই বিএনপি ও যুবদলের নেতাকর্মী বলে জানা গেছে।
অপরদিকে বিকাল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের আনোয়ার শপিং কমপ্লেক্সের সামনে অর্ধশতাধিক বৈষম্য বিরোধী শিক্ষার্থী অসহযোগ আন্দোলনের সমর্থনে মিছিল বের করলে যুবলীগ সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। ওইসময় মার্কেট ও বিভিন্ন গলি-দোকান থেকে তিনজন শিক্ষার্থীকে ধরে মারধর করা হয়।
এদিকে সারাদিন পৌরশহর চিরিঙ্গায় সাবেক সাংসদ জাফর আলমের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। চকরিয়ার মাটিতে কোনভাবে অশান্ত পরিবেশ করতে দেয়া হবে না। বিএনপি ও জামায়াত শিবিরের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে চালালে কঠোর হস্তে দমন করা হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি। পরে তারা মিছিল সহকারে থানা রাস্তার মাথায় গিয়ে সিস্টেম প্লাজায় অবস্থান করেন।
অপরদিকে দুপুর ১২টা থেকে চকরিয়া জনতা শপিং সেন্টারের সামনে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে নাশকতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারাও মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সেখানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



