রংপুর প্রতিনিধি: মাঘ মাসের দুই দিনের বৃষ্টিতে গঙ্গাচড়ায় আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। খেতে পানি জমে থাকার কারণে আলুতে পচন ধরেছে। মরে যাচ্ছে গাছ। ফলে বাধ্য হয়ে কৃষকরা খেত থেকে অপরিপক্ব আলু তুলছেন।
সরজমিনে উপজেলার গজঘন্টা, জয়দেব, হাবু, রাজবল্লভ, কিসামত হাবুসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। জয়দেব এলাকার কৃষক বাবু মিয়া জানান, তিনি এ বছর প্রায় এক একর জমিতে আলু লাগিয়েছেন। খরচ হয়েছে ৫০ হাজার টাকা। বর্তমানে তার আলুর বয়স ৪৫ দিন। আলু পরিপক্ব হতে আরো ৪৫ দিন লাগত। কিন্তু গত সাত দিন ধরে আলুখেতে পানি জমে আছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় আলুতে পচন ধরায় বাধ্য হয়ে অপরিপক্ব আলু তুলছেন। আলু বিক্রি করে তার লেবার খরচই উঠবে না।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শীতকালে এত বৃষ্টি হয় না। বৃষ্টির কারণে অনেক খেতে পানি জমেছে। কৃষকদের এগ্রোভেট এম জেড পরিমিতভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আলুখেত নষ্ট হয়ে গেলে আলু তুলে ফেলাই উত্তম।



