প্রেস বিজ্ঞপ্তি: মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ প্রশংসনীয় বলে অভিমত প্রকাশ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়্যেদ)। আজ জ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদরাসায় চলমান ফাজিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে মাদরাসার গভর্ণিং বডি এবং শিক্ষকদের সাথে এক মতবিনিময়ে উপরোক্ত মন্তব্য করেন।
এ সময় ড. মুহাম্মদ আহসান উল্লাহ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও শিক্ষামন্ত্রীর আন্তরিকতায় মাদরাসা শিক্ষায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, মাদরাসা শিক্ষা অধিদপ্তর স্থাপন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির মাধ্যমে মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নের কাজ করছে সরকার। এছাড়া সরকার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ করে আসছে। মাদরাসা শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে আইটিসি কোর্স চালু করেছে।
তিনি আরো বলেন, দারুল উলুম কামিল মাদরাসা একটি শতাব্দী প্রাচীন মাদরাসা। এ মাদরাসা থেকে লেখাপড়া করে বিভিন্ন আউলিয়া কেরামগণ জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এ মাদরাসাকে কোরআন হাদিসের চর্চাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আদর্শ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে মাদরাসা শিক্ষকরাও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। দারুল উলুম কামিল মাদরাসাকে ইসলামি জ্ঞান চর্চার পাদপীঠ বলে উল্লেখ করেন তিনি মাদরাসার পড়ালেখার মান উন্নয়নে শিক্ষকদের মেধা প্রয়োগ করার আহবান জানান। তাছাড়া মাদরাসার উন্নয়নে যতরকম সহযোগিতা প্রয়োজন তা দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সদা প্রস্তুত বলে জানান উপাচার্য।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষা পরিচালনায় সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীদের একাডেমিক শৃংখলা কঠোরভাবে মেনে চলার আহবান জানান ড. মুহাম্মদ আহসান উল্লাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং কমিটির সভাপতি খোরশেদ আলম সুজন, অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকীসহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
মতবিনিময় শেষে উপাচার্য দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত কামনা করেন।



