নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ভাড়া বাসায় ছাদের লোহার রডে ঝুলে আত্মহত্যা করেছে ত্রিপুল দে (২৮) নামে এক যুবক। উপজেলা সদরের লোহাগাড়া বটতলী স্টেশনে এক ভবনের ৩ তলায় গত ২৬ এপ্রিল দিবাগত রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছে এ যুবক।
আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ কক্ষের দরজা ভেঙে উদ্ধার করে যুবকের লাশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
যুবক ত্রিপুল দে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরের জগদীশ দে এর পুত্র। এ যুবক বেসরকারি এক কোম্পানীর চাকুরী করতেন বলে জানা যায়। দীর্ঘদিন ধরে ছিলেন লোহাগাড়া বটতলীর উক্ত ভবনে।
স্বজনরা জানায়, সকালে ঘুম থেকে উঠছেনা দেখে তাকে ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে সংবাদ দেওয়া হয় পুলিশে।
স্বজনরা আরও জানায়, এ যুবক মুঠোফোনে অনলাইনে জুয়া খেলছিল। ফলে মোটা অংকের ঋণগ্রস্থ হয়ে এ ব্যাপারে স্বজনদের সাথে সৃষ্ট হয় বিরোধ। এ বিরোধকে কেন্দ্র করেই এ যুবক আত্মহত্যা করতে পারে।




