লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত থেকে আমিনুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আমিনুর রহমান উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার জাবেদ আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আমিনুর রহমানসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। কোচবিহার জেলার মাথা ভাঙ্গা থানার বারোঘরিয়া এলাকার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আমিনুর রহমানের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় আমিনুরকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বিএসফের কাছে ওই যুবক আটক হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।




