বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ২২০ কেজি (সাড়ে ৫ মণ) হরিণের মাংসসহ ৩ শিকারিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। সোমবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার হরিণঘাটার বিষখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনা জেলার শরণখোলা থানার দক্ষিণ বাজার গ্রামের মো. অলি হোসেনের ছেলে মো. আফজাল হোসেন (৪৫), বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামের আবদুল হকের ছেলে মো. হারুন (৩৫) ও একই গ্রামের মৃত আবদুল করিমের ছেলে মো. আ. মান্নান (৫৫)।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাথরঘাটার কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামানের নেতৃত্বে পাথরঘাটা থানাধীন হরিণঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালানো হয়। এসময় ২২০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের মাথা ও ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে তিন হরিণ শিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে উদ্ধারকৃত মাংসসহ সব আলামত এবং গ্রেপ্তারকৃতদের পাথরঘাটা বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় একটি মামলা হয়েছে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান বলেন, সুন্দরবন এলাকায় গোপনে হরিণ শিকার করে জবাই করে মাংস বিক্রি করার চেষ্টা করছিল গ্রেপ্তারকৃতরা। আমাদের অভিযানে তারা ধরা পড়েন।




