নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা আজ সোমবার (০১ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তার। সভায় উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন সংসদ সদস্য আব্দুল মোতালেব সিআইপি।
তিনি বলেন, লোহাগাড়ায় ব্যাঙের ছাতার মতো ইটভাটা স্থাপন করা হয়েছে। এসব ইটভাটাগুলোর মধ্যে নিবন্ধন কয়টির আছে তা নির্ণয় করতে হবে। যে সব ইটভাটার নিবন্ধন নেই, সেসব ইটভাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরো বলেন, বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন এলাকার নদী-খাল ও ছড়াসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। কাটা হচ্ছে পাহাড়-টিলা। আবাদি জমির উপরিভাগের মাটি কাটা হচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। নিষেধ উপক্ষো করে এসব যারা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য তিনি লোহাগাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের প্রতি আদেশ দেন।
মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ ও কলাউজান ইউপি চেয়ারম্যান এ ওয়াহেদ।
এছাড়াও সমন্বয় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরিক কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য-সদস্যাগণ।
বক্তারা লোহাগাড়া উপজেলার চরম্বা, বড়হাতিয়া ও আধুনগর ইউনিয়নহ বিভিন্ন স্থানে পাহাড়- টিলা কাটার অভিযোগ তুলে ধরেন। এক শ্রেণির লোক পাহাড়-টিলা ও জমির মাটির কেটে বানিজ্য করছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইতোমধ্যে পরিবেশ আইনে ৫জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা শুরুর পূর্বে সার্বজনীন পেনশন স্কীম কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। বক্তব্যে এলাকাভিত্তিক সকল শ্রেণি-পেশার মানুষকে যোগ্যতা অনুসারে সার্বজনীন পেনশন স্কীমের আওতায় আনার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে সার্বজনীন পেনশন স্কীম ঘোষনা করেছেন।




