এম আনোয়ারুল হক, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় আওয়ামী পরিবারে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। দ্বিধা বিভক্তি হয়ে পড়েছে আওয়ামী পরিবার। মাঠে ময়দানে চাঙ্গা ভাব পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে সংরক্ষিত নারী আসনের এমপি ওয়াসিকা আয়শা খান বাংলাদেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে আনোয়ারায় রাজনীতি মেরুকরণ শুরু হয়েছে। প্রবীন আওয়ামী লীগ, পদ বঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীরা এক প্লাটফর্মে।
এদিকে গত শনিবার বিকেল তিনটায় আনোয়ারা সরকারি কলেজ মাঠে নাগরিক কমিটির পক্ষ থেকে ওয়াসিকা আয়শা খানকে গণ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনার পর আনোয়ারা আওয়ামী পরিবারে ব্যাপক আলাপ আলোচনা সমালোচনা চলছে। তৃণমূল আওয়ামী লীগের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিচ্ছে।
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি অনুসারীরা দু’পক্ষই রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। আনোয়ারার সর্বত্রই রাজনৈতিক আড্ডা বসাচ্ছে। দু’নেতার অনুসারীরা মাঠ পর্যায়ে পৃথকভাবে নিজেদের অবস্থান জানান দিতে চেষ্টা চালাচ্ছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দু’পক্ষ থেকে আলাদা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী থাকতে পারে। ইতিমধ্যে দু’পক্ষের কয়েকজন নেতা নির্বাচনকে সামনে রেখে মাঠে কাজ করছে।অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান অনুসারী আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী স্বপন ধর জানায়, আমরা অনেকদিন নীরবে কাজ করেছি, আর নীরব থাকবো না। প্রকৃত আওয়ামীলীগ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান অর্থ প্রতিমন্ত্রী হওয়ায় আনোয়ারায় আনন্দ মিছিল হয়েছে। আনোয়ারা কলেজ মাঠে বিশাল সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এর এলাকার আগামীতে আরো ব্যাপক কর্মসূচি থাকবে। উপজেলা নির্বাচনে প্রার্থী থাকবে।
এদিকে বর্তমানে সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির অনুসারীদের মাঠে শক্ত অবস্থানে রয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক কর্মসূচিগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। গত ৭ মার্চ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর নেতৃত্বে এক বিশাল মিছিল আনোয়ারা সদরে অনুষ্ঠিত হয়।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আনোয়ারা সরকারি কলেজ মাঠে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৭ মার্চের কর্মসূচিকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের মধ্যে সভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতিও নেয়া হচ্ছে।




