স্টাফ রিপোর্টার,চকরিয়া : উচ্ছেদের পরও সড়ক দখল করে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে ভাসমান দোকানদাররা। তারা মহাসড়কের পাশাপাশি চকরিয়া পৌরশহরের আভ্যন্তরীণ রাস্তা গুলো দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। চকরিয়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কের দুইপাশ এবং ফুটপাত ফের দখল হয়ে পড়ায় যানজটের তীব্রতা বাড়ছে। সেই সাথে বেড়েছে ভোগান্তিও। গত এক সপ্তাহের ব্যবধানে কয়েক দফা অভিযান করলেও কিছুই যেন করার নেই প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের।
তাদের মতে, রাস্তা থেকে এসব দোকান উঠিয়ে দিলেও পূণরায় বসছে তারা। সম্প্রতি অনুষ্ঠিত চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পৌরশহরের ফুটপাত দখল নিয়ে আলোচনা হয়। পরে ওই সভায় সিদ্ধান্ত হয় সব ফুটপাত দখলমুক্ত করার। এরপর ওই সভার সিদ্ধান্ত মতে সড়কের দুইপাশ এবং ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন চকরিয়া উপজেলা প্রশাসন।
দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরশহরের বালিকা বিদ্যালয় সড়ক, ওয়াপদা সড়ক, নামার চিরিঙ্গা বায়তুশরফ সড়ক, বাঁশঘাট সড়ক ও হাসপাতাল সড়ক দখল করে শতশত ভাসমান দোকান খুলে হরেক রকমের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মৌসুমি ফলের দোকান, জুতার দোকান ও ইফতার সামগ্রীর দোকান এখন সড়ক দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে বিভিন্ন মাকের্টে আসা ক্রেতাদের চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়াও চিরিঙ্গা ফল ব্যবসায়ির নাম বিক্রি করে ফরিদুল ইসলাম, আরফাতুল ইসলাম, কামাল উদ্দিন ও জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি সিন্ডিকেট মৌসুমী ফলের দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করছেন। এসব অবৈধ দোকান থেকে মার্কেট মালিকের নাম দিয়ে আরেক দফা চাঁদা আদায় করছেন। এভাবে ভাসমান দোকান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছেন ওই সিন্ডিকেটটি। চিরিঙ্গা ফল ব্যবসায়িদের নাম ব্যবহার চাঁদা আদায় করলেও মুলত চাঁদা আদায়ের বিষয়টি কেউ স্বীকার করছে না। তাহলে কারা নিচ্ছে চাঁদা! এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পথচারিদের মনে।
সম্প্রতি চকরিয়া পৌরসভার মাসিক সভায় অবৈধ ভাসমান দোকান ও যানজটের ৬টি সমস্যা উল্লেখ করে আলোচনা করা হয়। অবৈধ মৌসুমী ফল ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন মহলের কাছে লিখিত অভিযোগ করেন পৌর কর্তৃপক্ষ।
এদিকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌরসভা গত এক সপ্তাহের ব্যবধানে দু’বার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। সড়ক থেকে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করলেও আবারও পৌরশহরের মহাসড়কসহ আভ্যন্তরীণ সড়কগুলো এখন অবৈধ দোকানিদের দখলে। মূল সড়ক থেকে অলিগলির রাস্তা গুলোদখলে নিয়ে দোকান বসানো হয়েছে। বছরের পর বছর রাস্তার ওপরেই চলছে এসব দোকানের ব্যবসা। আবার যেসব সড়কে জনসমাগম বেশি, সেখানে দোকানের সংখ্যাও বেশি। এতে সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন মানুষ। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও কোনভাবেই যেন লাগাম টানতে পারছে না দায়িত্বশীল উপজেলা প্রশাসন ও চকরিয়া পৌরসভা।
চকরিয়া পৌরশহরের মূল সড়কের ওপর গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করলেও সমাধান আসেনি। উচ্ছেদের কিছুক্ষণ পরেই ফের দোকান বসছে। মূল সড়কের ওপর গড়ে ওঠা দোকান উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও অলিগলিতে উচ্ছেদ অভিযান চলে না। অলিগলির রাস্তার ওপরে গড়ে ওঠা দোকানগুলোর যেন স্থায়ী বরাদ্দ দেয়া হয়েছে। যে রাস্তায় যত বেশি মানুষ চলাচল করছে, সেই রাস্তায় তত বেশি দোকান গড়ে উঠছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, যানজট নিরসন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ওজন কারচুপি বন্ধ করার জন্য ইতোমধ্যে কয়েকদফা অভিযান পরিচালনা করা হয়েছে। চিরিঙ্গা শহরের অবৈধ ভাসমান দোকানও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এরপরও অবৈধভাসমান দোকান গুলোতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি




