চকরিয়া অফিস : চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে আবুল কাশেম (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে।এদিন রাত ৮টা পর্যন্ত নিখোঁজ আবুল কাশেমের খোজ মেলেনি। সোমবার (০৪ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার সাহারবিল বাটাখালী মাতামুহুরী নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কাশেম চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড হালকাকারা জালিয়াপাড়ার মোহাম্মদ খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে প্রতিদিনের মতো জেলে আবুল কাশেম সঙ্গীয় জেলেদের নিয়ে মাতামুহুরী নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বাটাখালী ব্রিজ পয়েন্টে পানির নিচে জালটি আটকে যায়। এসময় জেলে কাসেম পানিতে ডুব দিয়ে জালটি ছাড়িয়ে আনতে চেষ্ঠা করতে থাকেন। কাসেম একাধিকবার চেষ্ঠা করে জাল ছাড়াতে পারেনি। কাসেম পুনরায় ডুব দিলে পানির নিচ থেকে উঠে আসতে পারেননি। পরে সঙ্গীয় জেলে ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও খুঁজে পেতে ব্যর্থ হয়। পরে নদীতে জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এদিন রাত ৮টা পর্যন্ত নিখোঁজ আবুল কাশেমের খোজ মেলেনি। এদিকে কাসেম নিখোঁজ হওয়াতে পরিবারে চলছে আহাজারি। তাদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মাতামুহুরী নদীতে কয়েক ঘণ্টা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার ভোর সকালে পৌছলে উদ্ধারের অভিযান শুরু করবে বলে জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, জেলে নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেকে খুঁজতে ইতিমধ্যে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।




