আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় দিয়েছে রিপা আকতার নামের এক শিক্ষার্থী। বাড়িতে শোকের মাতম চললেও শোককে বুকে ধারণ করে জলমগ্নে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে রিপা।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে রিপা। সে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে।
জানা যায় , বুধবার রাতে রিপার বাবা আহমদ নবী (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। শোকাবহ অবস্থায় বাবার লাশ ঘরে রেখে চোখের জল নিয়ে রিপা পরীক্ষার হলে যায়। পরীক্ষা শেষে বাড়িতে ফিরলেও রিপা বাবার লাশ না দেখে কান্নায় ভেঙে পড়ে। বার বার রিপা হুস হারায়। স্বজনরা তাকে সান্ত্বনা দিচ্ছে। এই সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
দুপুর ১১টায় তার বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে পরে পারিবারিক কবরস্থানে তার বাবাকে দাফন করা হয়।
রিপা আকতার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া রহিম তালুকদার বাড়ীর আহমদ নবীর মেয়ে। পরিবারের চার ভাই-বোনের মধ্যে সে সবার বড়। রিপার খালাতো বোন উর্মি আক্তার বলেন, বাবার মৃত্যুতে রিপা মানসিকভাবে ভেঙ্গে পড়লেও পরীক্ষা দিয়েছে।
পরীক্ষার হলের কেন্দ্র সচিব ফরিদুল ইসলাম বলেন, তার বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরে মর্মাহত। ৩০ মিনিটে আগে সে কেন্দ্র থেকে বের হয়ে যায়। এ সময় তাকে শোকাহত দেখা গেছে।




