আনোয়ারা প্রতিনিধি : পূর্বশত্রুতার জেরে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে মো. ওসমান(৪৫) নামে এক ব্যাক্তিকে প্রতিপক্ষরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এঘটনায় ওসমান বাদী হয়ে গত ১০ ফেব্রুয়ারী আনোয়ারা থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলেও পুলিশ এখনো কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে আহত ওসমান থানায় মামলা করায় প্রতিপক্ষরা তাকে উল্টো বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আহত ওসমানের সাথে জমি জমানিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৪ ফেব্রুয়ারী চলাচলের পথকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ওসমানের উপর হামলা করে। এতে ওসমান গুরুতর জখম হয়। এঘটনায় গত ১০ ফেব্রুয়ারী ওসমান বাদী হয়ে আজিজুল হক(২৮),আলী আহমদ (৬০) ও মো. ইয়াছিনসহ ছয়জনকে আসামী করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করে।
মামলার বাদী ওসমান বলেন, আমি বাড়ী থেকে কৃষি কাজে যাবার পথে আসামীরা পরিকল্পিত ভাবে আমার উপর হামলা করে। এতে আমার হাত গুরুতর জখম হলে স্বজনরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে যায়, ছয়দিন চিকিৎসা শেষে আমি থানায় গিয়ে মামলা দায়ের করি। এদিকে প্রতিপক্ষরা ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার প্রচেষ্ঠা চালাচ্ছে । আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, জুইঁদন্ডী ইউনিয়নের ওসমানের উপর হামলার ঘটনায় থানায় ছয়জনকে আসামী করে মামলা রুজু হয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠা চালাচ্ছে।




