নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য (চট্টগ্রাম-১৫) আবদুল মোতালেব সিআইপি। লোহাগাড়ায় পাহাড়া কাটা, চাষাবাদের জমির উপরিভাগের উর্বর মাটি কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে কঠিন ভূমিকা পালন করতে হবে। অপরাধ যেই করুক তাকে আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন সংসদ সদস্য।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) লোহাগাড়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি। সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা সম্মেলন কক্ষে শুরু হয় আইনশৃঙ্খলাবিষয়ক সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান। পরে, মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।
সমন্বয় সভায় সংসদ সদস্য আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নমূলক যে কোন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দিয়েছেন। তাই, লোহাগাড়া উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ প্রায় সব কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। তাছাড়া অবৈধভাবে উত্তোলিত জব্দ বালু নিলামের পর দ্রুত সরবরাহ করার জন্য পরামর্শ দেন তিনি। অন্যথায়, এ নিলামের কাগজ-পত্র নিয়ে আরও চোরাই বালু পাচারের সম্ভাবনা রয়েছে।
সভায় অভিযোগ তোলা হয়, আধুনগর এলাকায় অনলাইনে জুয়ায় অংশগ্রহণ করে অনেকে ক্ষতির স্বীকার হয়েছে। এ জুয়া বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করা হয়েছে। এছাড়া লোহাগাড়া উপজেলায় নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সমস্যাগুলো দ্রুত সমাধান করে চাল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে এ সভায়।
লোহাগাড়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সালাহ্ধসঢ়; উদ্দীন হিরু। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, আওয়ামী নেতা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী ইফরান বিন মুনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস জেসমিন আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অনেকে।




